চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত তিন উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তায় নির্মিত ঘর হস্তান্তর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করে তাঁর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, “প্রধানমন্ত্রী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন; যা এখন পর্যন্ত চূড়ান্ত।”
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই চট্টগ্রাম অঞ্চলে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। একই সঙ্গে দলীয় পর্যায়েও তাঁকে স্বাগত জানাতে নানা আয়োজন চলছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এবং বানভাসি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেবেন। একই সঙ্গে পশ্চিম বাঁশখালীতে বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত ১০০টি নতুন বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর পৌঁছানোর জন্য নির্ধারিত স্থানে জরুরি হেলিপ্যাড প্রস্তুত করার কাজও চলছে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাপ্তরিকভাবে চূড়ান্ত সফরসূচি পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা সম্পন্ন করা হবে।”
kalprakash.com/IM