তেজগাঁও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থীদের “গ্র্যাজুয়েশন সেরেমনি ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) কলেজের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক নূর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক তানজিমা হেলালী।
অনুষ্ঠানের শুরুতে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন তেজগাঁও কলেজের সুনাম ও গর্ভের প্রতীক। এখান থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে তারা আগামীর উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
চার বছরের ক্লাস, পরীক্ষা, আড্ডা আর মধুর স্মৃতির ইতি টেনে বিদায় নিতে গিয়ে অডিটোরিয়ামে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষক ও বন্ধুদের সঙ্গে স্মৃতিকথা শেয়ার করেন। প্রাণিবিদ্যা বিভাগকে তাঁদের ‘দ্বিতীয় পরিবার’ আখ্যা দিয়ে আবেগাপ্লুত হন অনেকেই।
গ্র্যাজুয়েশন কেক কাটা, ছবি তোলা এবং শিক্ষকমণ্ডলীর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং অ্যালুমনাইদের সঙ্গে কলেজের বন্ধন আরও দৃঢ় করবে।
kalprakash.com/IM