অপ্রাপ্তবয়স্ক শিশুদের সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব ও আসক্তি থেকে মুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সরকার। শিশুদের সুরক্ষায় পাস হওয়া আলোচিত ‘সেফ ফর কিডস অ্যাক্ট’ (Stop Addictive Feeds Exploitation for Kids Act) এখন চূড়ান্ত কার্যকরের পথে।
গভর্নর ক্যাথি হোকুল স্বাক্ষরিত নতুন এই বিধিমালার আওতায় সরাসরি পড়বে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবের মতো শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এমন কোনো অ্যালগরিদমনির্ভর অ্যালগরিদম ফিড বা রিলস দেখানো যাবে না, যা তাদের অনবরত স্ক্রল করতে উৎসাহিত করে। এ ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিভাবকদের স্পষ্ট সম্মতি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের ডিভাইসে কোনো ধরনের নোটিফিকেশন পাঠাতে পারবে না প্ল্যাটফর্মগুলো।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বিষয়টিকে শিশুদের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি আখ্যা দিয়ে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে যাতে শিশুরা ডিজিটাল আসক্তির ফাঁদে না পড়ে। গভর্নর ক্যাথি হোকুল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে বয়স শনাক্তকরণ প্রযুক্তির কার্যকর সমাধান বের করার আহ্বান জানিয়েছেন।
চলতি সপ্তাহেই চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রস্তুতি নেওয়ার জন্য ৬ মাসের সময় দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে কার্যকর হবে শিশুদের জন্য এই নতুন সোশ্যাল মিডিয়া আইন।
kalprakash.com/IM