বাগেরহাটের চিতলমারী উপজেলায় কৃষকদের জন্য স্মার্ট কৃষক কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী।
বক্তারা বলেন, কৃষকদের সঠিক তথ্যভাণ্ডার তৈরি এবং সরকারি কৃষি সহায়তা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে এ তথ্য নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় কৃষকদের শুধু সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়, এ কার্যক্রমে কোনো ধরনের ফি বা অর্থ গ্রহণ করা হবে না।
অনুষ্ঠানে কৃষক, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী ব্লক থেকে প্রথমবারের মতো এ তথ্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা— কে. এম. শাহনেওয়াজ, কামনাশীষ মজুমদার, মশিউর রহমান, নিমাই চাঁদ মোহস্ত, প্রসেনজিত মন্ডল, শংকর মজুমদার এবং সরোজ কুমার বাকচী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্য নিবন্ধন শেষে যাচাই-বাছাই সম্পন্ন করে পর্যায়ক্রমে যোগ্য কৃষকদের স্মার্ট কৃষক কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে সরকারি কৃষি সেবা, ভর্তুকি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা কৃষকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
kalprakash.com/IM