চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের পশ্চিম পাশের প্ল্যাটফর্ম এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন। সোমবার রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাইদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।