পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকেও মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব—তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার কৃতি সন্তান মো. ওমর ফারুক। সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএস (২০২৬)-এর চূড়ান্ত ফলাফলে তিনি প্রথমবারের মতো বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ওমর ফারুকের এই অসাধারণ অর্জনে মাটিরাঙ্গাসহ পুরো খাগড়াছড়ি জেলাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন।
১৯৯৭ সালে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওমর ফারুক। তাঁর বাবা ফরিদ আহমেদ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রধান সহকারী।
শৈশব থেকেই মেধাবী ওমর ফারুকের শিক্ষাজীবনের সূচনা হয় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ২০১৫ সালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।
উচ্চশিক্ষার জন্য তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ভর্তি হন। সেখান থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাতটি চাকরিতে সাফল্যের নজির
বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগেই ব্যাংকিং ও উচ্চশিক্ষা খাতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ওমর ফারুক। তিনি এখন পর্যন্ত সাতটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত বা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য মাইলফলকগুলো হলো—
- ২০২৩: আইএফআইসি ব্যাংক পিএলসি — অফিসার
- ২০২৪: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি — প্রভাষক
- ২০২৪: পূবালী ব্যাংক পিএলসি — সিনিয়র অফিসার
- ২০২৫: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি — প্রবেশনারি অফিসার
- ২০২৫: উত্তরা ব্যাংক পিএলসি — সিনিয়র অফিসার
- ২০২৬: সাউথইস্ট ব্যাংক পিএলসি — সিনিয়র অফিসার
- ২০২৬ (বর্তমান): অগ্রণী ব্যাংক পিএলসি — সিনিয়র অফিসার
বর্তমানে অগ্রণী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি ৪৭তম বিসিএসে অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন এই গৌরব অর্জন করেন।
ওমর ফারুকের ধারাবাহিক সাফল্য এবং প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া খাগড়াছড়ির তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ প্রসঙ্গে তাঁর বাবা ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রধান সহকারী ফরিদ আহমেদ বলেন, “আমার একমাত্র ছেলে ওমর ফারুক ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। একজন সাধারণ চাকরিজীবী বাবার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না। আমি দিনরাত যে পরিশ্রম করেছি, আজ আমার সন্তান সেই পরিশ্রমের মর্যাদা দিয়েছে। তার এই সাফল্যের পেছনে তার মায়ের ত্যাগ, তিন বোনের দোয়া এবং শিক্ষক-সহকর্মীদের আন্তরিক সহযোগিতা রয়েছে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।“
ওমর ফারুকের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং মাটিরাঙ্গা ও খাগড়াছড়িবাসীর জন্যও গর্বের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
খাগড়াছড়ি প্রতিনিধি 

















