বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। এতে কল্যাণ অধিশাখা, আইন শাখা, সেবা ও প্রটোকল শাখা এবং এনফোর্সমেন্ট-২ শাখার কর্মকর্তারা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন।
মন্ত্রী জানান, প্রবাসীরা এখন থেকে সরাসরি এই সেলে অভিযোগ জমা দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণের ব্যবস্থাও যুক্ত করা হবে। পাশাপাশি minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
নতুন এই সেল থেকে প্রাপ্ত অভিযোগ ও সেগুলোর অগ্রগতি নিয়মিতভাবে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবকে অবহিত করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 























