টালিউড সুপারস্টার দেব এবার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন। অভিনয় ও প্রযোজনার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করলেন তাঁর নতুন সিনেমা ‘দেশু ৭’ দিয়ে।
আজ সোমবার (১ জুন) জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির যাত্রা শুরু হয় এবং একই দিন থেকেই শুরু হয়েছে শুটিং। এর আগে রবিবার অনুষ্ঠিত শুভ মহরতে সিনেমাটির কলাকুশলীদের উপস্থিতিতে আয়োজনটি আরও বর্ণিল হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন যাত্রা নিয়ে দেব লেখেন, নতুন জার্নি, নতুন শুরু। সবার আশীর্বাদ কাম্য, প্রত্যেককে পাশে চাই।
দীর্ঘদিন সফল প্রযোজক হিসেবে কাজ করার পর এবার পরিচালকের আসনে দেবের এই অভিষেক ঘিরে টালিপাড়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।
সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি। দীর্ঘ প্রায় এক যুগ পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তাদের পুনর্মিলনকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের মতে, এই জুটির প্রত্যাবর্তন এবং ছবির গল্প ঘিরে দর্শকদের প্রত্যাশা দিন দিন বাড়ছে। বিশেষ করে ২০২৬ সালের দুর্গাপূজাকে লক্ষ্য করে সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে বড় পরিসরের পরিকল্পনা।
নির্মাতারা এখনো গল্প ও চূড়ান্ত নাম নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে জানা গেছে, ছবিটির মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই অগ্রিম বুকিং চালুর পরিকল্পনা রয়েছে, যা ভারতীয় চলচ্চিত্রে বিরল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে দেব ইঙ্গিত দিয়েছিলেন, দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি করা হয়েছে, যাতে বহু প্রতীক্ষিত একটি সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়া যায়।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























