আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি স্বাস্থ্যসেবার মান যাচাইয়ের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।
নোটিশে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা, মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স ও চিকিৎসা সুবিধা যাচাই, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউ ইউনিটের কার্যকারিতা পরীক্ষা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত যোগ্যতা যাচাই এবং অনুমোদনহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ১৫ দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 




















