মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৮:২৭:৫৮

ঈদে বিদ্যুৎ সরবরাহ থাকবে নিরবচ্ছিন্ন: বিদ্যুৎ বিভাগ

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৩৩
শেয়ার: mail
ঈদে বিদ্যুৎ সরবরাহ থাকবে নিরবচ্ছিন্ন: বিদ্যুৎ বিভাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।

ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বাসসকে বলেন, ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। বৃষ্টি হলে চাহিদা আরও কমতে পারে।

তিনি জানান, ঈদে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি ফার্নেস অয়েল ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পিডিবির চারটি জোনে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে উপস্থিত থেকে যেকোনো বিদ্যুৎ বিভ্রাট দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। ঝড়-বৃষ্টিতে লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।

ডিপিডিসি, ডেসকো, বিআরইবি ও নেসকো নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ করার পরামর্শ দিয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward