বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটির বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটি।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি চলমান রাজনৈতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপারে থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই অটল রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতেই এ সম্পর্ক গড়ে উঠেছে।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস