ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বিরোধী দলের আনা অভিযোগগুলো খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ পর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি শেষে তিনি এ কথা জানান।
এ সময় সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বাহিনীর টহল কার্যক্রম তদারকি করা হচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিটি বিষয় জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
ভোটের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।
kalprakash.com/IM