টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনযাত্রীরা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে।
মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ট্রেনের টিটি রাসেল চালককে অবহিত করলে তিনি মহেড়া স্টেশনের কাছে ট্রেনটি থামান। তবে এ দুর্ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।
মহেড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়েছে। এ জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট ও ঠ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকা আছে বলে জানান তিনি।
kalprakash.com/IM