হাত ধোয়ার নায়ক হোন—এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। এতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হাত ধোয়ার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে একই স্থানে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
kalprakash.com/IM