সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের জরিমানা ছাড়া গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করা যাবে।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট মালিক ও চালকেরা।
এ সুবিধার আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ। এসব সেবার জন্য বকেয়া মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তবে এ ক্ষেত্রে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দিতে হবে না।
বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আগামী ২৯ অক্টোবরের পর এ সুবিধা আর বহাল থাকবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তাই সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
kalprakash.com/IM