দুর্গাপূজা উপলক্ষে ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত খোলা রাখা হয়েছে। টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রমও চলবে।
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর কর্মদিবস থাকলেও ওই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
kalprakash.com/IM