এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
এ সময় ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন দুই মন্ত্রী। পরে ব্যবসায়ীরা তাঁদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেন।
kalprakash.com/IM