রাজধানীর বাবুবাজার এলাকায় অননুমোদিত দেশি-বিদেশি ভেজাল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে ১০টি দোকানের মালিককে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০-এর সদস্যরা সহযোগিতা করেন।
এসআরবি সূত্র জানায়, অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত যাঁদের জরিমানা করেন, তাঁরা হলেন:
রিপন নন্দী: ৫ লাখ টাকা
মো. শাকিব (২২): ৭৫ হাজার টাকা
মো. শরিফ খান: ৫০ হাজার টাকা
মো. নীবির (১৮): ৭৫ হাজার টাকা
নাঈম হোসেন রানা (২৩): ৭৫ হাজার টাকা
রাজন চন্দ্র রায় (৩৫): ৭৫ হাজার টাকা
মহিউদ্দিন (৩৯): ৭৫ হাজার টাকা
আব্দুল কাদের: ৭৫ হাজার টাকা
মো. শরিফ (২২): ৫০ হাজার টাকা
কামরুজ্জামান: ৭৫ হাজার টাকা
এ ছাড়া অভিযান চলাকালে আরও চারটি দোকান থেকে অননুমোদিত দেশি-বিদেশি ভেজাল ওষুধ জব্দ করেন ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। পরে সেগুলো ধ্বংস করা হয়।
এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করছে। ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ, মাদক, জালিয়াতি, নকল পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূলে তাদের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
kalprakash.com/IM