বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে তায়েফা নামে চার বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুয়ালক বাজার-সংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু তায়েফা ওই এলাকার বাসিন্দা ইলিয়াস খাঁন টিপুর মেয়ে। অভিযুক্ত ফুফুর নাম নারগিস সুলতানা কচি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তায়েফার বাবা টিপুর সঙ্গে তাঁর বোন নারগিস সুলতানার দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় ও লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে একাধিকবার বিচার-সালিশ চাওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে শিশুটির পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে নারগিস সুলতানা তাঁর ভাই টিপুর ওপর প্রতিশোধ নিতে শিশু তায়েফাকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে ফুফু নারগিস সুলতানার ঘর থেকে শিশু তায়েফার নিথর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারগিস সুলতানাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকারও করেছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আটক নারগিস সুলতানা কচির মানসিক ভারসাম্য নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। জানা যায়, সংসারজীবনে ডিভোর্সি হওয়ার পর থেকেই দুই সন্তানের দূরে থাকা মেনে নিতে না পেরে তিনি গত কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ, হত্যার পদ্ধতি এবং এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
kalprakash.com/IM