বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের কষ্ট লাঘবে মন্ত্রণালয় একটি বিশেষ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে।
প্রবাসী মন্ত্রণালয়ের একদল অভিজ্ঞ কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাঁদের যেকোনো সমস্যা বা অভিযোগ সহজেই সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। ই-মেইলে আসা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ করে প্রবাসীদের পাঠানো প্রতিটি আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে নীতিনির্ধারক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
অফিস আদেশে বলা হয়, minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com—এই দুটি ই-মেইল ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেলটি।
kalprakash.com/IM