জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর রোহান মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের একটি শাখা নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় শিশু রোহান। ঘটনার পর থেকে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের বিভিন্ন পয়েন্টে ব্যাপক চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
নিখোঁজের ২৪ দিন পর দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি শাখা নদে মরদেহটি ভেসে ওঠে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের প্যান্ট দেখে রোহানের মরদেহ শনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
kalprakash.com/IM