পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবার, সমাজ ও দেশকে রোগমুক্ত ও সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মধ্য দিয়েই প্রতিটি পরিবার, সমাজ এবং দেশকে ডেঙ্গুসহ নানা সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপ ছড়িয়ে পড়ার আগেই দেশব্যাপী সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশজুড়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ ঘোষণা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং এর কার্যকর প্রতিরোধ ও সুচিকিৎসায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ পর্যালোচনা বৈঠক করেছেন।
kalprakash.com/IM