এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবারের পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।’
তিনি আরও জানান, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। অতীতে শুধু প্রাপ্ত নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করার মধ্যেই প্রক্রিয়াটি সীমাবদ্ধ থাকত। তবে এবার প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো নতুন করে সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা হয়েছে। ফলে প্রকৃত মেধা মূল্যায়নের সুযোগ আরও সুদৃঢ় হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ পাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যার চেয়ে মোট আবেদনের সংখ্যা কয়েক গুণ বেশি হয়েছে। ১১টি বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টিতে।
বোর্ডভিত্তিক হিসাবে সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিকের ৫৮ হাজার ১২টি উত্তরপত্র চ্যালেঞ্জ করেছেন।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
kalprakash.com/IM