পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ মো. রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর আরও পাঁচ সহযোগী পালিয়ে যায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলভাঙ্গা গ্রামে সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান করা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রতনকে আটক করা সম্ভব হলেও মো. আল মামুন (২০) নামে অপরজন পালিয়ে যায়।
আটক রতনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা ও তাঁর পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া আল মামুনের পালসার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ তল্লাশি করে আরও ২ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটক রতনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামিদের বসতবাড়ির উঠানে পাটখড়ির আঁটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক রতনসহ পলাতক আসামি মো. আল মামুন, মো. রেজা প্রাং, মো. হাফিজুল প্রাং, মো. মহিদুল প্রাং ও মো. নাঈমুল প্রাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM