ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদ্যাপন পরিষদ’-এর উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সকাল ১০টায় ক্যাম্পাসজুড়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকেরা।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে ধর্মীয় আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় বিশেষ আরতি ও রাতে শ্রীকৃষ্ণের জন্মাভিষেক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিশেষে ভক্ত ও শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
আয়োজনের বিষয়ে পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা ও অন্যায়ের বিনাশে যুগে যুগে অবতীর্ণ হন। তাঁর এই আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বজনীন ও প্রাসঙ্গিক। দীর্ঘ আন্দোলনের পর আমরা ক্যাম্পাসে একটি প্রার্থনা কক্ষ পেলেও বিশ্ববিদ্যালয়ে এখনো স্থায়ী কোনো মন্দির প্রতিষ্ঠিত হয়নি। আশা করি বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের প্রাণের এই দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন আমাদের সত্য, ন্যায়, প্রেম ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। এই পুণ্য তিথিতে আমাদের প্রার্থনা—জগতের সব প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক এবং সবার জীবনে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক।”
kalprakash.com/IM