বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসচ্ছল মানুষের স্বাবলম্বী করতে এবং চলাচলের সুবিধার্থে ৫০টি হুইলচেয়ার এবং ৫০টি পায়েচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট কেআর কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন এবং মহাসচিব মো. আক্তারুজ্জামান।
মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ‘সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য শুধু সাময়িক আর্থিক সহায়তা দেওয়াই যথেষ্ট নয়; তাঁদের স্থায়ী আয়ের সুযোগও তৈরি করতে হবে। এই পায়েচালিত ভ্যানগুলোর মাধ্যমে অসচ্ছল মানুষগুলো স্বাবলম্বী হয়ে নিজেরাই জীবিকা নির্বাহ করতে পারবেন এবং পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হবেন।’
হুইলচেয়ার বিতরণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এটি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের শারীরিক চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের প্রাত্যহিক জীবনে আত্মবিশ্বাস ও গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
kalprakash.com/IM