জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মিতালী ফকিরপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে মো. আল রাব্বি (২৩), মিতালী মিয়াপাড়ার মো. বোরহান উদ্দিনের ছেলে মো. বাবু (৩৫) এবং টুপকারচর এলাকার মৃত ছুরত উল্লাহর ছেলে মো. ওয়াজ উদ্দিন (৫৫)। তাঁরা সবাই দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নির্দেশনায় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকা অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জহুরুল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মো. আল রাব্বিকে ১৫ দিন এবং মো. বাবু ও ওয়াজ উদ্দিনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রে নতুন ইনচার্জ দায়িত্ব গ্রহণের পর থেকেই ওই এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ফলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের এই ইতিবাচক পদক্ষেপ ও জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা।
আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
kalprakash.com/IM