শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০০:৫৬

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:০০
শেয়ার: mail
ইউক্রেনের শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাশিয়ার জোড়া ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি শপিং মলে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৩টি শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা জানান, উদ্ধার ও তল্লাশি অভিযান চলার সময় ধ্বংসস্তূপ থেকে নতুন মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, ক্রিভি রিহর ওই শপিং মলে এখনো দুটি শিশুসহ নয়জন নিখোঁজ রয়েছেন। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজে সহায়তার জন্য ইউক্রেনের অন্য চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, প্রথম হামলার পর যখন উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছিলেন, ঠিক তখনই দ্বিতীয় ড্রোন হামলাটি চালানো হয়। উদ্ধারকর্মীদের লক্ষ্য করেই মূলত এই ‘ডাবল ট্যাপ’ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির যাচাই করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগে থেকেই আগুনে জ্বলতে থাকা শপিং মলটিতে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানছে।

তবে এ হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ক্রিভি রিহর মেয়র ওলেক্সান্দর ভিলকুল জানান, হামলার সময় ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ছিল। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান। নিখোঁজ ব্যক্তিদের ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

ক্রিভি রিহ ছাড়াও ইউক্রেনের আরও কয়েকটি এলাকায় রুশ হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে পৃথক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও নিহত হয়েছেন দুজন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে একটি ট্যাক্সির কাছে ড্রোন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

এর আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। রাতভর চালানো ওই হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। আবাসিক ভবন ও গুদামের পাশাপাশি একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে থাকা একটি তেল শোধনাগার ও একটি সামরিক বিমানঘাঁটিতে তারা পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া অনলাইন বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও আঘাত হানা হয়েছে। ইউক্রেনের দাবি, জ্বালানি ও সহায়ক স্থাপনাগুলো রাশিয়ার যুদ্ধ পরিচালনায় ভূমিকা রাখায় এগুলো তাদের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে বর্তমানে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা

বিস্তারিত কমেন্টে