যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার এশিয়ার বাজারে তেলের দাম মোটামুটি স্থির ছিল।
বাংলাদেশ সময় ভোরের দিকে অক্টোবর সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। অন্যদিকে সেপ্টেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ সেন্ট কমে ৮৫ দশমিক ৮১ ডলারে নেমে আসে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া অক্টোবরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৪ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে।
বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিন শেষে উভয় তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেপ্টেম্বরের ডব্লিউটিআই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।
নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন হামলার কারণে তেলের বাজারে দাম তুলনামূলক চড়া রয়েছে। তবে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি না পাওয়ায় বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার মতো শক্তিশালী কোনো প্রভাব নেই।
তিনি আরও বলেন, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইরানকে ঘিরে উত্তেজনার কারণে তেলের বাজারে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।
ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের নতুন টানাপোড়েনও বাজারের নজর কেড়েছে। সংযুক্ত আরব আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের আর্থিক ও অর্থনৈতিক লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে ইরান দাবি করেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো বন্ধ রয়েছে।
বুধবারের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমেছে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় আরোপ করা অবরোধের পর প্রণালিটি পুনরায় চালু হওয়ার বিষয়ে স্পষ্ট কোনো সংকেত না থাকায় অধিকাংশ জাহাজমালিক গুরুত্বপূর্ণ এই নৌপথ এড়িয়ে চলছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল ও পেট্রলের মজুত বেড়েছে, আর পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত কমেছে বলে জানিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন।
১৪ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৪৪ লাখ ব্যারেল বেড়েছে। অথচ বাজার বিশ্লেষকেরা ৬ লাখ ব্যারেল কমার পূর্বাভাস দিয়েছিলেন। ফলে প্রত্যাশার তুলনায় মজুতের এই বড় বৃদ্ধি তেলের বাজারে দামের ওপর কিছুটা চাপ তৈরি করেছে।
kalprakash.com/IM