বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১১:৩৮

রাকসু ভবনে হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে জিএস আম্মারের মামলা

রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
রাকসু ভবনে হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে জিএস আম্মারের মামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের অফিসে হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় আম্মার ছাড়াও রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং মেহেদী আহত হয়েছেন।

মঙ্গলবার রাকসুর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন আম্মার। মামলার নম্বর ১৫১ সি/২৬ (মতিহার)।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুলাই দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে রাকসু ভবনের দ্বিতীয় তলায় জিএসের ২০২ নম্বর অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা সেখানে জড়ো হয়ে জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, কক্ষে ঢুকে আসামিরা আম্মারের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ জানালে তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। একই সঙ্গে অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এ সময় হামলার প্রতিবাদ করতে গেলে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব ও মেহেদীকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। মামলার আবেদনে বলা হয়, একপর্যায়ে আনাসের হাতে থাকা লোহার রড দিয়ে নাজমুস সাকিবকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আঘাত ঠেকাতে গিয়ে তাঁর ডান হাত রক্তাক্ত জখম হয়।

এ ছাড়া নাজমুস সাকিবকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহিন লাঠি দিয়ে মেহেদীর বাঁ কানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে মেহেদীও আহত হন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৪৮, ৩২৪ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, আমার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে জাস্ট ফর কনসার্ন, আর কিছুই না। এটা নিয়ে পরবর্তীতে একটা গেম খেলবে সরকার। এ জন্য আমার সম্পাদকদের ইনভলভ করে একটা মামলা করছি। এটা শুধু কনসার্ন করে রাখা, এছাড়া আর কিছু না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাকসু ভবনে হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে জিএস আম্মারের মামলা

বিস্তারিত কমেন্টে