ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে বিখ্যাত তীর্থ ও মন্দিরনগরী তারাপীঠের একটি চারতলা হোটেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে হোটেল ভবনের নিচতলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়া ও আগুনের শিখা অন্যান্য তলা এবং বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথি গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় দ্রুত বেরিয়ে আসতে পারেননি এবং অনেকেই কক্ষের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
kalprakash.com/IM