‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে এ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। আগামী ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এ পক্ষ উদযাপিত হবে।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM