জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র।
শনিবার (১৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন, এএসআই বিপ্লবসহ পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে। পুলিশ দল সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলমকে (৪০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূর আলম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
অভিযোগ দায়েরের স্বল্প সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করায় পুলিশের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছে স্থানীয় সচেতন মহল। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM