রাজশাহীর পুঠিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ওই গ্রামের ফজলুল হকের ছেলে। বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বেলপুকুর থানা পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভড়ুয়াপাড়া গ্রামের রফিক, করিম ও রাব্বী গ্রুপের সঙ্গে প্রতিবেশী জিল্লুর ও শাহাবুর গ্রুপের জমিজমা ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে কিছুক্ষণ পরেই দুই পক্ষের লোকজন রামদা, হাসুয়া ও লাঠিসোঁটাসহ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আব্দুল করিমসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় করিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, “সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পর এলাকায় ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।”
kalprakash.com/IM