মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ধর্মীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, পডকাস্টার ও কনটেন্ট ক্রিয়েটর চ্যান্ডলার ডেভিড হেনড্রি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রকি পর্বতমালা সংলগ্ন এলাকায় তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর।
লিহাই সিটি পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইউটাহর টিমপ্যানোগোস হাইওয়ে ও মর্নিং ভিস্তা রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব লেটার-ডে সেইন্টস’-এর অনুসারী হেনড্রি পশ্চিম দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে দ্রুত সামনে এগিয়ে যান। সে সময় বিপরীত দিক থেকে আসা অন্য দুটি গাড়ির সঙ্গে তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় তিনি সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না। সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় অন্য কোনো গাড়ির চালক বা আরোহী গুরুতর আহত হননি।
প্রসঙ্গত, ‘রিস্টোরড ট্রুথ’ (Restored Truth) শীর্ষক পডকাস্ট এবং বিভিন্ন আন্তঃধর্মীয় সংলাপ ও ধর্মগ্রন্থভিত্তিক পর্যালোচনার মাধ্যমে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন হেনড্রি। ইনস্টাগ্রাম ও টিকটকে তাঁর বিপুল অনুসারী ছিল।
গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের হাইল্যান্ড এলাকার এলডিএস চার্চ প্রাঙ্গণে তাঁর অকাল প্রয়াণে অনুরাগী ও শুভানুধ্যায়ীরা এক মোমবাতি প্রজ্বলন ও স্মৃতিচারণ শোকসভার আয়োজন করেন।
kalprakash.com/IM