ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে উন্নতমানের নতুন সাউন্ড সিস্টেম স্থাপন করা হলেও ‘নষ্ট হওয়ার অজুহাতে’ তা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। ফলে ক্যাম্পাসের বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনে বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে আয়োজকদের, তৈরি হয়েছে নির্দিষ্ট ভাড়ার সিন্ডিকেটের ক্ষোভ।
ডিএসসিসি সূত্র জানায়, অডিটোরিয়াম সংস্কার পরিকল্পনা অনুযায়ী উন্নতমানের নতুন সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাউন্ড সিস্টেম থাকা সত্ত্বেও ছোটখাটো সেমিনার ও অফিসিয়াল অনুষ্ঠানেও ৩ থেকে ৫ হাজার টাকায় বাইরে থেকে স্পিকার-মাইক্রোফোন ভাড়া করা হচ্ছে। বড় সাংস্কৃতিক প্রোগ্রামে এই খরচ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানই ঘুরেফিরে এই ভাড়ার সেবা দিয়ে আসছে, যার পেছনে কোনো বিশেষ স্বার্থ বা আর্থিক সুবিধা জড়িত কি না—তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে অডিটোরিয়ামের অপারেটর শেকড় আহমেদ জানান, “ব্যবহারিক নীতিমালা তৈরি ছাড়া নতুন সাউন্ড সিস্টেম চালু করলে তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পডিয়াম মাইক্রোফোন এখনো আমাদের হস্তান্তর করা হয়নি।”
প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা দাবি করেন, “সিটি করপোরেশনের কাছ থেকে ব্যবস্থাটি বুঝে পাওয়া গেলেও ট্রেজারার মহোদয় এটি নষ্টের আশঙ্কায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।”
তবে বিষয়টি নিয়ে পুরোপুরি ভিন্ন কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “আমার জানা ছিল নতুন সাউন্ড সিস্টেমটি চালু রয়েছে এবং তা দিয়েই সেবা দেওয়া হচ্ছে। বিষয়টি এখন অবগত হলাম, দ্রুত সমস্যা সমাধান করে নিজস্ব সাউন্ড সিস্টেম চালুর নির্দেশ দিচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অর্থ অপচয় রুখতে অতি দ্রুত নিজস্ব নতুন সাউন্ড সিস্টেমটি সচল করা এবং অডিটোরিয়ামের সরঞ্জাম ও ভাড়াসংক্রান্ত বিষয়ে প্রশাসনকে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন।
kalprakash.com/IM