বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে হত্যার উদ্দেশ্যে খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেছিলেন ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই— আদালতে এমন দাবি তুলে ধরেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিবিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
রোববার (৯ আগস্ট) চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডনকে আদালতে হাজির করা হলে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এই চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, অন্য একটি হত্যাচেষ্টা মামলায় অন্যতম আসামি রিজভী আহমেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে রিজভী উল্লেখ করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। সেই বিরোধ ও সম্পর্কের জের ধরে আজিজ মোহাম্মদ ভাই ১২ লাখ টাকার বিনিময়ে খল অভিনেতা ডনের সঙ্গে সালমান শাহকে হত্যার চুক্তি করেন।
এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। বিকেলে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামি আশরাফুল হক ডনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। এই মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি হলেন আশরাফুল হক ডন। দীর্ঘ তিন দশক পর মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় সচল ও ডনের গ্রেপ্তারের মাধ্যমে আদালত অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
kalprakash.com/IM