যশোরের অভয়নগর উপজেলায় ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় থেকে তাঁদের আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা গৌরীপুর থানার শাহাপুর গ্রামের প্রাইভেট কার চালক মো. মিজান (৩৩), কুমিল্লার কোতোয়ালী থানার গোলাবাড়ী ভূইয়াপাড়ার পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনা দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার মুসন মিনা (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড়ে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) গতিরোধ করে চ্যালেঞ্জ জানায় পুলিশ। পরে কারটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালানটি কুমিল্লা থেকে খুলনার দৌলতপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM