চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে সাম্প্রতিক একাধিক বিতর্কিত দাবিতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী নিজে। সম্প্রতি আরজে নীরব ও সময় টিভির পৃথক সাক্ষাৎকারে রিজভী আহমেদ নামের এক ব্যক্তি শাবনূরের সঙ্গে তাঁর প্রেম, বিয়ে ও বিচ্ছেদের দাবি করেন। তবে এসব বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট, অসঙ্গতিপূর্ণ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শাবনূর।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ পোস্টের মাধ্যমে রিজভী আহমেদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এই তারকা অভিনেত্রী।
পোস্টে রিজভীর দ্বিমুখী বক্তব্য তুলে ধরে শাবনূর জানান, আরজে নীরবকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী দাবি করেন তিনি নাকি শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন, আবার সময় টিভিতে তিনি একই সঙ্গে দাবি করেছেন শাবনূর তাঁর সাবেক প্রেমিকা ছিলেন। এমনকি ২০১৬ সালে বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে হাস্যকর দাবি ওই ব্যক্তি করেছেন, তার তীব্র বিরোধিতা করে শাবনূর প্রশ্ন তোলেন—উক্ত সময়ে তিনি কখনো যুক্তরাজ্যেই যাননি, তাহলে কীভাবে বা কোথায় এই কথিত বিয়ে অনুষ্ঠিত হলো?
রিজভী আহমেদকে ব্যক্তিগতভাবে চেনেন না দাবি করে শাবনূর রসিকতা করে লেখেন, “আমার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তাঁর বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধুই ‘স্বপ্নের বাসর’ হয়েছিল!”
অভিযোগের মাত্রা আরও বাড়িয়ে সালমান শাহ হত্যার ঘটনায় শাবনূরকে জড়ানোর অপচেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। রিজভী আহমেদ সেখানে দাবি করেন, শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন। এই ধরনের জঘন্য ও মিথ্যা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শাবনূর পাল্টা প্রশ্ন তোলেন, রিজভী কোন ভিত্তিতে এবং কীভাবে এই কাল্পনিক অভিযোগ আনছেন?
অভিনেত্রী আরও স্মরণ করিয়ে দেন যে, সালমান শাহর মৃত্যুর পর রিজভী রাজসাক্ষী হয়ে দেশত্যাগ করে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং দীর্ঘ ২৯ বছর পর এখন আবার সেটিকে হত্যা নয়, আত্মহত্যা বলে দাবি করছেন ও প্রয়াত নায়কের মা নীলা চৌধুরীকে দায়ী করছেন। একজন ব্যক্তির ঘন ঘন বক্তব্য পরিবর্তন ও পরস্পরবিরোধী কথা সামাজিক মাধ্যমেই তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছে বলে অভিমত প্রকাশ করেন শাবনূর।
চিত্রনায়িকা শাবনূরের এই শক্ত অবস্থান প্রকাশের পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁর প্রতি ব্যাপক সমর্থন ব্যক্ত করে ভুয়া প্রচারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
kalprakash.com/IM