সামাজিক যোগাযোগমাধ্যমে গত কিছুদিন ধরে একশ্রেণীর অসাধু মহল কর্তৃক তাঁকে ‘যৌন ডাক্তার’ ট্যাগ দিয়ে চালানো অসত্য প্রচারণার জবাবের পাশাপাশি অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে ভুয়া ওষুধ বিপণনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় চিকিৎসক ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ ও তথ্যবহুল পোস্টে তিনি এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
ডা. তাসনিম জারা লিখেছেন, “বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী (কার্যক্রম নিষিদ্ধ) কর্মী আমাকে ‘সেক্স ডাক্তার’ বা ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করছেন। তাঁদের মূল উদ্দেশ্য হলো আমাকে খাটো করা ও মানসিকভাবে হেয় করা। যদিও এই প্রচারণা সম্পূর্ণ মিথ্যা— কারণ আমি মূলধারার একজন মেডিসিন বিষয়ের ডাক্তার, তবুও আজ পর্যন্ত আমি এই অপপ্রচারের কোনো জবাব দিইনি।”
পোস্টে কোনো প্রতিক্রিয়া না দেওয়ার পক্ষে দুটি যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছেন তিনি। প্রথমত, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের সম্মান রক্ষা করা। তিনি বলেন, “মানুষের এমন অনেক সংবেদনশীল কষ্ট থাকে, যা সে আপনজনকেও বলতে পারে না। সেসব মানুষের একমাত্র সহায় এই চিকিৎসকেরা। তাঁদের কারণেই শত শত ভাঙা সংসার জোড়া লাগে, দম্পতিদের ঘর আলো হয়ে সন্তান আসে। এই মহান ও মানবিক চিকিৎসাসেবা কখনো গালি বা কটূক্তির বিষয় হতে পারে না।”
দ্বিতীয়ত, রোগীকে সচেতন করা। তিনি যোগ করেন, “আমি এই ট্যাগ ঝেড়ে ফেলতে ব্যস্ত হলে হয়তো এমন ধারণাই পোক্ত হতো যে যৌন সমস্যা নিয়ে কথা বলাটা কোনো পাপ। দেশের অসংখ্য মানুষ সংকোচে ডাক্তারের কাছে না গিয়ে হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে জীবন বিপন্ন করছে। না-জানা ও চরম কূপমণ্ডূকতা থেকে এসব নোংরা কথা ছড়ানো হচ্ছে।”
প্রতিবাদের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই তরুণ চিকিৎসক জানান, এক শুভাকাঙ্ক্ষীর পাঠানো তথ্যমতে, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অন্তত ১৬০টি ভুয়া পণ্যের বিজ্ঞাপন চালানো হচ্ছে। প্রথমে তাঁর ছবি কেটে বিকৃত কথা যুক্ত করে স্পনসরড বিজ্ঞাপন চালানো হয় এবং পরবর্তীতে প্রতারকচক্র সেই স্ক্রিনশট দেখিয়ে ওজন কমানোর স্লিমিং পণ্য, ভেষজ ওষুধ ও ভুয়া চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
অনলাইন ব্যবহারকারীদের প্রতি কড়া সতর্কবার্তা জারি করে ডা. তাসনিম জারা স্পষ্ট করেছেন, “আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন কোনো ধরনের ওষুধ, স্লিমিং প্রোডাক্ট বা চিকিৎসা সামগ্রী বিক্রি করিনি এবং করবও না। আমার নাম ও ছবি ব্যবহার করে যা বিক্রি হচ্ছে, তার সবটুকুই প্রতারণা। সাধারণ মানুষের সুবিধার জন্য গর্ভবতী মায়েদের সেবায় আমাদের তৈরি কেবল একটি অ্যাপ (‘Shohay Pregnancy’) রয়েছে, যেখানে কোনো পণ্য বিক্রি হয় না। আমার নামে কোনো পণ্যের প্রচার দেখলে প্রলুব্ধ না হয়ে পরিচিতদের সতর্ক করার অনুরোধ জানাচ্ছি।”
পোস্টের শেষ অংশে যৌনস্বাস্থ্য নিয়ে নিয়োজিত সব চিকিৎসকের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি রোগপ্রতিরোধে সাধারণ মানুষকে সংকোচ ছেড়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান ডা. তাসনিম জারা।

kalprakash.com/IM