শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:৩০

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি মহল অত্যন্ত সুকৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আগের সরকারের নেওয়া অপরিকল্পিত ও আত্মঘাতী সিদ্ধান্তগুলোর কারণে আজ পুরো শক্তি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর ব্যবস্থা সত্ত্বেও দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।”

গতকাল শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রাজনীতি ও পেশাগত দায়িত্ব প্রসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক, শিক্ষার্থী কিংবা পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ বা সচেতনতা থাকা স্বাভাবিক। তবে সেই রাজনৈতিক সম্পৃক্ততা যেন কখনোই নিজেদের মূল পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সে ব্যাপারে চিকিৎসকদের সতর্ক থাকতে হবে।”

সমাবেশে উপস্থিত হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন- পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার

গতকাল দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের মোট ১০ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিয়োগপত্র পাওয়া শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রানী। এ ছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারের হাতে চাকরির চিঠি তুলে দেওয়া হয়।

পাশাপাশি, স্বাবলম্বী করার অংশ হিসেবে তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ও প্যাডালচালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। সুবিধাভোগীরা হলেন নড়াইলের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আজিজ শেখ (সিএনজি অটোরিকশা), রাজধানীর আন্দোলনের পানি সরবরাহকারী কুষ্টিয়ার মো. গাফফার (প্যাডেল রিকশা) এবং বগুড়ার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশু (ব্যাটারিচালিত অটোরিকশা)।

ইউএনওদের মানবিকতার সাথে কাজ করার আহ্বান

একই দিন বিকেলে তেজগাঁও কার্যালয়ে দেশজুড়ে মাঠপর্যায়ে কর্মরত উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি কর্মকর্তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে সাধারণ মানুষের সেবা করার তাগিদ দেন। উক্ত সভায় খাল খনন কর্মসূচিতে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া ৮৩টি উপজেলার নির্বাহী অফিসারদের বিশেষ প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে