শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ১:১৭:৫২

সার্ক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
সার্ক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। তিনি জানিয়েছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘ফলিত মনোবিজ্ঞান: আচরণ বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও গতিশীল করবে এবং উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ রয়েছে। প্রায় ৫০টি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও মনোবিজ্ঞান বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বহু শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্তসংখ্যক পেশাদার মনোবিজ্ঞানী তৈরি এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত না করে টেকসই মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের তীব্র সংকট রয়েছে। বর্তমান চাহিদা পূরণে অন্তত ৩০ হাজার মনোবিজ্ঞানীর প্রয়োজন হলেও কর্মরত রয়েছেন মাত্র প্রায় ৩০০ জন। এ সংকট দূর করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করছে। ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এছাড়া শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

তিনি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত ফুল-ফান্ডেড স্কলারশিপের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

সম্মেলনে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward