বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, চকলেট, কম্বল ও খাদ্যসামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯টি শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে।
উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।