বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ৮:৩৭:০৩

বসবাসের জন্য বিশ্বের সেরা ১০ দেশের তালিকা প্রকাশ, শীর্ষে এস্তোনিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:০৩
শেয়ার: mail
বসবাসের জন্য বিশ্বের সেরা ১০ দেশের তালিকা প্রকাশ, শীর্ষে এস্তোনিয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিদেশে স্থায়ীভাবে বসবাস ও স্থানান্তরের জন্য ২০২৬ সালের বিশ্বের সেরা দেশের স্বীকৃতি পেয়েছে ইউরোপের বাল্টিক অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র এস্তোনিয়া। উন্নত ব্যাংকিং ব্যবস্থা, সহজ ব্যবসায়িক পরিবেশ, বিদেশিদের সম্পত্তির আইনি অধিকার, উচ্চ জীবনযাত্রার মান এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ একাধিক গুরুত্বপূর্ণ সূচকে অসামান্য সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে দেশটি।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা কর্তৃক প্রকাশিত ‘রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে ২৪টি পৃথক সূচকের ভিত্তিতে বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা হয়। মূল্যায়নের মূল উপাদানগুলোর মধ্যে ছিল আর্থিক ও করব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নাগরিক নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, আবাসনের সাশ্রয়ী খরচ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন অভিবাসীদের বসবাসের সুযোগ-সুবিধা।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা নিরাপত্তায় ৯৯, ব্যবসার প্রসারে ৯৬, সাশ্রয়ী আবাসন ব্যবস্থাপনায় ৮২, পরিবেশ সুরক্ষায় ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর অর্জন করেছে। তবে ভৌগোলিক কারণে দীর্ঘ ও তীব্র শীতের প্রভাব থাকায় জলবায়ু আরামের সূচকে দেশটির অর্জন ছিল ২০।

বসবাসের জন্য বিশ্বের সেরা ১০ দেশ:
১. এস্তোনিয়া

২. সিঙ্গাপুর

৩. মালয়েশিয়া

৪. পর্তুগাল

৫. তাইওয়ান

৬. লিথুয়ানিয়া

৭. হংকং

৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

৯. চেকিয়া

১০. মাল্টা

ইউরোপীয় দেশগুলোর অবস্থান: ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে এস্তোনিয়ার পরই সবচেয়ে সেরা অবস্থানে রয়েছে পর্তুগাল (বৈশ্বিক তালিকায় ৪র্থ)। এছাড়া লিথুয়ানিয়া ষষ্ঠ, চেকিয়া নবম এবং মাল্টা দশম স্থান লাভ করেছে।

পরিবার ও ডিজিটাল নোম্যাডদের শীর্ষ পছন্দ: প্রতিবেদনে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক, পরিবার, সম্ভাবনাময় উদ্যোক্তা এবং দূর থেকে কর্মরত পেশাজীবীদের (ডিজিটাল নোম্যাড) জন্য পৃথক তালিকা প্রকাশ করা হয়। পরিবার নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে বসবাসের জন্যও বিশ্বের সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে এস্তোনিয়া। অন্যদিকে, ডিজিটাল নোম্যাডদের জন্য আন্তর্জাতিক তালিকায় মালয়েশিয়ার পরেই দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে স্থান পেয়েছে ইউরোপের দেশ পর্তুগাল।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এস্তোনিয়ার সুদূরপ্রসারী ডিজিটাল পরিকাঠামো, স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া এবং উচ্চ জীবনমানের অপূর্ব মেলবন্ধনই দেশটিকে ২০২৬ সালে অভিবাসীদের জন্য বিশ্বের এক নম্বর আকর্ষণীয় বাসস্থানে পরিণত করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward