ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট, একটি টাটা পিকআপ ভ্যান ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রতনপুর-নাসিরনগর সড়কের শ্রীঘর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে নাসিরনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীঘর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় রতনপুর থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন (২৬) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া (৩০)।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের চালান ও সরবরাহকারী চক্রকে চিহ্নিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
kalprakash.com/IM