মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাইয়ের এক বিজ্ঞপ্তির বরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএ আরও জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত বা রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটারসহ বিভিন্ন সুরের বহুমুখী হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
kalprakash.com/IM