ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলা ঘিরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে সালাম বাজার মাঠে উপজেলার ধরমন্ডল ও শিমুলঘর গ্রামের দুটি দলের মধ্যে এই প্রীতি খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৩-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে। খেলায় হেরে যাওয়ার পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক বিজয়ী ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে ঘিরে ধরে আটক করার চেষ্টা করেন। তাকে না পেয়ে উত্তেজিত কিছু দর্শক ও সমর্থক সরাসরি মাঠে নেমে ধরমন্ডল দলের দুই খেলোয়াড়ের ওপর চড়াও হন।
এ খবর ছড়িয়ে পড়লে মাঠের মধ্যেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ উভয় পক্ষের অন্তত ১২-১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
kalprakash.com/IM