চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টেশনে তিন বছরের অবুঝ শিশুকন্যাকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১ আগস্ট) ভোরের দিকে দর্শনা হল্ট স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্টপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে এসে পৌঁছালে প্ল্যাটফর্মে সন্তানকে রেখে আচমকা ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন নিলুফা। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জনতা ও রেলওয়ে পুলিশ দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে শিশু সন্তান লামিয়াকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন নিলুফা। ভোর ৪টার দিকে মোবাইল ফোনে তিনি এই দুর্ঘটনার খবর পান। স্ত্রী বেশ কয়েক মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করেন তিনি।
দর্শনা হল্ট রেলওয়ে জিআরপি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্লাটফর্মে থাকা অক্ষত শিশুটিকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
kalprakash.com/IM