জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬: আমাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বড় শিক্ষা দেয়। ভবিষ্যতে দেশে যেন আর কখনোই স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এই গণ-অভ্যুত্থানের মূল কারণগুলো চিহ্নিত করে রাষ্ট্র ও সমাজকে সঠিকভাবে পরিচালনার শপথ নিতে হবে।”
উপাচার্য আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় সব মতের মানুষের অধিকারকে সম্মান জানাতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে গঠনমূলক সমালোচনা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই। অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও বিভাজনের রাজনীতি পরিহার করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও প্রশাসনিক সার্বিক উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, “দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তুলতে আমাদের সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM