মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩২:৪৫

জবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও এসএন নাহার বৃত্তি প্রদান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৫৪
শেয়ার: mail
জবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও এসএন নাহার বৃত্তি প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১৯তম, ২০তম ও ২১তম ব্যাচের নবীনবরণ, ১৩তম ও ১৪তম ব্যাচের বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে এসএন নাহার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবারে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং রাজ্জাক-শামছুন ফিজিক্স ট্রাস্ট ফান্ডের প্রতিনিধি আইনজীবী সারওয়ার জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন পদার্থবিজ্ঞান বিভাগকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে নোবেল বিজয়ীদের মধ্যে পদার্থবিজ্ঞানে গবেষণার সাথে সংশ্লিষ্ট গবেষকের সংখ্যা উল্লেখযোগ্য। আমাদের চারপাশের প্রাকৃতিক নিয়ম ও ঘটনাবলি থেকে শুরু করে আলো, বায়ু, চৌম্বক শক্তি, প্রযুক্তির উন্নয়ন, কম্পিউটার ও স্যাটেলাইট—সব ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে শিল্পবিপ্লব পর্যন্ত সর্বত্র পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্ভাবনী কর্মকাণ্ড ও গবেষণায় আরও এগিয়ে যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে জবি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, নানা সীমাবদ্ধতার পরও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে এবং এর মর্যাদা সমুন্নত রাখতে হবে। হাজারো প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষার্থীরা মা-বাবার স্বপ্ন বাস্তবায়নে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষের চারজন কৃতী শিক্ষার্থীকে এসএন নাহার অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাওয়ায় তাদের বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়। এ সময় বিভাগের শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward